পবিত্র মাহে রমজান উপলক্ষে পাকিস্তানের ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন সোমবার রাজধানীর একটি পাঁচ-তারকা হোটেলে ইফতার ও নৈশভোজের আয়োজন করে।
পাকিস্তান সিনেটের কয়েকজন সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনার, প্রতিরক্ষা উপদেষ্টা, কূটনৈতিক, রাজনীতিবিদ, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইসলামাবাদে প্রশিক্ষণরত বাংলাদেশ সামরিক বাহিনীর কর্তকর্তারা ও বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা ইফতার-নৈশভোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক আহসান আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান এবং ইফতারের বিভিন্ন টেবিলে ঘুরে তাদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
হাইকমিশনার তার স্বাগত বক্তবে বলেন, রমজান মাসে রোজা রেখে মুসলমানেরা আত্ম-নিয়ন্ত্রণ ও সুবিধা বঞ্চিত মানুষের কষ্ট অনুধাবর্নে চর্চা করে থাকে। রমজান মাস জুড়ে ত্যাগ ও সীয়াম সাধনার অভ্যাস মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টির মাধ্যমে তাদেরকে একতা ও সংহতির বন্ধনে আবদ্ধ করে।
হাইকমিশনার বলেন, বাংলাদেশ ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) অধীনে সারা বিশ্বের মুসলমানদের সাহায্য-সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ। মুসলিম বিশ্বে প্রযুক্তি ও প্রকৌশল শিক্ষা এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ওআইসি বাংলাদেশে আন্তর্জাতিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় ‘ইসলামিক ইউনির্ভাসিটি অব টেকনোলজী’প্রতিষ্ঠা করছে। তারিক আহসান উল্লেখ করেন যে, বাংলাদেশ আগামী বছর ওআইসির ‘কাউন্সিল অব ফরেন মিনিস্টার’এর পরবর্তী বৈঠক আয়োজনের পরিকল্পনা করছে।
ইফতারের আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি , অগ্রগতি ও সম্মৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ইত্তেফাক/ইউবি