ফিলিপাইনে জঙ্গি হামলায় ৫ বেসামরিক লোক নিহত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় নগরী মারাবিতে ইসলামিক স্টেট অনুগত জঙ্গিরা পাঁচ বেসামরিক লোককে হত্যা করেছে। এই নিয়ে অঞ্চলটিতে মোট ২৬ বেসামরিক লোক প্রাণ হারাল। নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে তাদের অভিযান অব্যাহত রেখেছে।
 
দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের মুখপাত্র আর্নেস্টো অ্যাবেলা মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, মাউতে সন্ত্রাসীরা সোমবার সকালে গুলি করে পাঁচ বেসামরিক লোককে হত্যা করেছে। এরা ওই এলাকা থেকে পালাতে চেষ্টা করছিল। এখনো তাদের পরিচয় জানা যায়নি। সন্ত্রাসীরা এখনো আরো আট বেসামরিক লোককে জিম্মি করে রেখেছে বলে এক প্রতিবেদনে জানাচ্ছে বার্তা সংস্থা সিনহুয়া।
 
একটি সামরিক প্রতিবেদনের বরাত দিয়ে অ্যাবেলা বলেন, সন্ত্রাসীরা একটি বাড়িতে উপস্থিত হলে ভয়ে সেখানকার বাসিন্দারা পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেখানে ১৮ বেসামরিক লোক আটকা পড়েছিলেন।
 
অ্যাবেলা জানান, ‘সন্ত্রাসীরা এই বেসামরিক লোকদের পিছু ধাওয়া করে তাদের ধরে ফেলে। এরপর তাদের পাঁচজনকে হত্যা করে ও অপর আটজনকে জিম্মি করে রেখেছে। তিনি আরো বলেন, পাঁচ বেসামরিক লোক পালাতে সক্ষম হয়েছে। সেনা ও স্থানীয় কর্মকর্তারা তাদের খাবার, চিকিৎসা সহায়তা দিয়েছেন।
 
জানা গেছে, ২৩ মে থেকে সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর লড়াইয়ে এখন পর্যন্ত ১ হাজার ৬১৮ জন বেসামরিক লোককে উদ্ধার করা হয়েছে। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু