ভারত ও যুক্তরাষ্ট্র নয়। দীর্ঘদিনের মিত্র পাকিস্তানকেই এবার সন্ত্রাসবাদীদের স্বর্গরাজ্য বললো চীনের একটি রাজনৈতিক দলের মুখপত্র। জানা গেছে, বেইজিং এর মনোভাব প্রকাশকারী চীনা কমিউনিস্ট পার্টির মুখপত্র ‘গ্লোবাল টাইমস’ এর এক প্রতিবেদনে পাকিস্তানে বাড়তে থাকা সন্ত্রাসবাদী কার্যকলাপ সম্পর্কে এমন কথা লেখা হয়েছে।
গ্লোবাল টাইমসে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে যে বিপুল পরিমাণ বিনিয়োগ করছে চীন, তা যে কোনো সময় নাশকতার কবলে পড়তে পারে। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে চীনা মুখপত্রটিতে।
এর এক সপ্তাহ আগেই, পাকিস্তানের বেলুচিস্তানে দুই চিনা নাগরিককে সন্ত্রাসবাদীরা অপহরণ করে খুন করেছে। অভিযোগের তীর ইসলামিক স্টেটের (আইএস) দিকে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে চীন। কর্মসূত্রে পাকিস্তানে গিয়েছেন যে চিনা নাগরিকরা, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই হবে ইসলামাবাদকে, বেশ কড়াভাবেই এই বার্তা দেওয়া হয় বেইজিং এর তরফ থেকে।
IMG0
ওয়ান বেল্ট ওয়ান রোড বা ওবিওআর নীতির রূপায়ণে চীন এখন অত্যন্ত উৎসাহী। চীনের এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় এযাবৎ যে সব প্রকল্প গৃহীত হয়েছে, তার মধ্যে চীন-পাক অর্থনৈতিক করিডোরই (সিপিইসি) সবচেয়ে বড় প্রকল্প। এই প্রকল্পের জন্য চীন ইতিমধ্যেই পাকিস্তানে বিপুল বিনিয়োগ করেছে। আবার এই করিডোরকে কেন্দ্র করেও গড়ে উঠছে নানা প্রকল্প। সে সব প্রকল্পের রূপায়ণের জন্য চীনা ইঞ্জিনিয়ার, শ্রমিক এবং অন্যান্য পেশার নাগরিকদের ভিড়ও প্রায় রোজই বাড়ছে পাকিস্তানে। এই চিনা নাগরিকদের নিরাপত্তার প্রশ্নে বেইজিং কোনোরকম আপোষের পক্ষপাতী নয়। স্পষ্ট করে দেওয়া হয়েছে গ্লোবাল টাইমসে।
এছাড়া কাতার সঙ্কটে ‘কোনো পক্ষ না নেওয়া’ পাকিস্তানকে সৌদি বাদশাহও স্পষ্ট করে বলে দিলেন, ‘আগে স্পষ্ট করুন কোন দিকে আছেন... কাতারের দিকে না আমাদের দিকে...’।
IMG1
জানা গেছে, পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক কূটনৈতিক অচলাবস্থা ‘কাটাতে’ সৌদি সফরে গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সোমবার জেদ্দায় সৌদি বাদশাহ সালমানের সঙ্গে এক বৈঠকে অচলাবস্থা কাটানোর অনুরোধ করেন তিনি। সে অনুরোধে সৌদি বাদশাহ খুব একটা কর্ণপাত করেননি। উল্টে নওয়াজ শরিফকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে বলেন তিনি। সিনহুয়া ও টাইমস অব ইন্ডিয়া।
ইত্তেফাক/সেতু