আওয়ামী লীগ বিভেদের রাজনীতি করে না: পলক

 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, 'আওয়ামী লীগ বিভেদের রাজনীতি করে না। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। অথচ বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশে উন্নয়নের পরিবর্তে হয়েছে সরকারি অর্থ লুটপাট আর মানুষ মারার অপরাজনীতি।'
 
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে সিংড়া পৌরসভার শোলমারী ওয়ার্ডে ১২৩টি পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সভাপতিত্বে বিদ্যুতায়ন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরো বলেন, 'জননেত্রী শেখ হাসিনার সরকার এদেশের প্রতিটি গৃহহীন মানুষকে বসতভিটা তৈরি করে দিচ্ছেন। প্রতিটি ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিচ্ছেন। ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের জানমালের নিশ্চিত করতে সরকার আইনের শাসনকে সব সময় প্রাধান্য দিয়ে আসছেন।'
 
'যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগ সমর্থিত মানুষকে বঞ্চিত করেছেন' উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, 'তারা বেছে বেছে বিএনপির কর্মী-সমর্থকদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিয়েছে। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশে সমান তালে সকলকে বিদ্যুৎ সুবিধা দেয়া হচ্ছে। কাউকে বঞ্চিত করা হচ্ছে না। ব্রিজ, কার্লভাট, রাস্তা নির্মাণসহ প্রভূত উন্নয়ন করা হচ্ছে।'
 
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম জাকির হােসেন, আওয়ামী লীগ নেতা আদেশ আলী, পৌর কাউন্সিলর নওশাদ মোল্লা, সেলিম হোসেন, পৌর যুবলীগ সভাপতি সোহেল তালুকদার প্রমুখ।
 
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম জাকির হােসেন জানান, সিংড়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে শৈলমারী মহল্লায় ১২৩ টি পরিবারের জন্য এক দশমিক ৮৩৮ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করা হয়েছে। এতে প্রায় ২৭ লাখ ৫৭ হাজার টাকা ব্যয় হয়েছে।
 
ইত্তেফাক/জামান