বিএনপির মহাসচিবের গাড়িবহরে হামলা

রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা হয়েছে। আজ রবিবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ফোমরা এলাকায় এ ঘটনা ঘটে। 
IMG0
এদিকে হামলার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেলিফোনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইত্তেফাককে বলেন, ‘আমরা রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য যাচ্ছিলাম। মূল সড়ক বন্ধ থাকায় রাঙ্গুনিয়া, কাপ্তাই হয়ে যাচ্ছিলাম। পথে ৫০ থেকে ৬০ জন দুর্বৃত্ত লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে গাড়িবহরে হামলা চালায়। তাঁরা অনবরত পাথর নিক্ষেপ করে।’
IMG1
তিনি বলেন, ‘আমার গাড়িটি বহরের সামনের দিকে ছিল। হামলায় গাড়ির কাচ ভেঙে যায়। আমার গাড়িতে থাকা চারজনই এ সময় আহত হয়। আমার বুকে-পিঠে পাথর লাগে। বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমও আহত হয়েছেন।’
IMG2
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এখানে আজকে হামলার ঘটনায় এটাই প্রমাণিত হয়েছে, আমাদের লেভেলে যদি আক্রমণ করতে পারে… তাঁরা যে কোনো পর্যায়ে যেতে পারে… তাদের হাতে কোনো মানুষ নিরাপদ হতে পারে না। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি।’
 
হামলার পর বিএনপির প্রতিনিধিদল রাঙামাটি না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাঁরা রাঙ্গুনিয়া এলাকার পোমড়া খাঁ মসজিদ কমপ্লেক্সে অবস্থান নেন। পরে তাঁরা চট্টগ্রাম শহরের দিকে রওনা দেন।
 
ইত্তেফাক/এমআর/এমআই