বড়লেখায় পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু

টানা বৃষ্টিতে মৌলভীবাজারের বড়লেখা সদর ইউনিয়নের বিওসি কেছরিগোল গ্রামে পাহাড় ধসে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ রবিবার ভোর সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আফিয়া বেগম (৪০) ও মেয়ে ফাহমিদা বেগম (১৩)। আফিয়া বেগমের স্বামীর নাম আবদুস সাত্তার। 
 
স্থানীয়রা জানান, আজ ভোর সাড়ে ৩টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। প্রচণ্ড বৃষ্টিপাতে তাদের ঘরের ওপর পাহাড় ধসে পড়লে মা ও মেয়ের মৃত্যু হয়। ভারী বৃষ্টিপাতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেও স্থানীয়রা জানিয়েছেন। 
 
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ সহিদুর রহমান জানান, পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিতে এই পাহাড় ধসের ঘটনা ঘটে।
 
ইউপি সদস্য সিরাজ উদ্দিন এই ঘটনা নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত আফিয়া বেগমের  স্বামীও পাহাড় চাপায় আগে মারা গেছেন।
 
ইত্তেফাক/এমআই