খুলনায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬

 
খুলনায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ ফুলতলা উপজেলার ধোপাখোলা কাছারীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
 
আটককৃতরা হচ্ছে, ডুমুরিয়া উপজেলার চিংড়িখালি গ্রামের ইনতাজ আলী শেখের ছেলে আশরাফ শেখ ও বেলায়েত শেখ, রহিম গাজীর ছেলে মফিজুর গাজী, রাজীবপুর দক্ষিণমহল এলাকার খোকন শেখের ছেলে বাবু শেখ, রাজাপুর এলাকার সাকাম আলীর ছেলে সেলিম শেখ এবং বাগেরহাটের পাইকপাড়া এলাকার হুমায়ুন পাইক।
 
জেলা গোয়েন্দা পুলিশের ওসি শিকদার আক্কাস আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ ফুলতলা উপজেলার ধোপাখোলা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের ওই সদস্যদের আটক করে।
 
এ সময় তাদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, দুটি পাইপ গান, দুটি কার্তুজ, ৩টি ছোরা, দুটি বিষের বোতল, মাছ ধরা দুটি জাল, ৩টি বস্তা উদ্ধার করা হয়। আটককৃতরা ডাকাতির প্রস্তুতি এবং চিংড়ি ঘেরে বিষ প্রয়োগের মাধ্যমে গলদা চিংড়ি লুটের প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশের দাবি করে। এ ব্যাপারে ফুলতলা থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
 
ইত্তেফাক/জামান