শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সিসিইউতে রবিবার রাত ১১টায় অক্সিজেন সিলিন্ডারের মিটার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আতংকিত হয়ে নুর ইসলাম (৬০) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। নুর ইসলাম ভোলার বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা। সন্ধ্যায় তিনি ভর্তি হয়ে ৯নং বেডে চিকিৎসাধীন ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিসিইউ ইউনিটের ভেতরে বৈদ্যুতিক তারে হঠাৎ করে আগুন লেগে যায়। একপর্যায়ে ওই বেডের পাশে থাকা অক্সিজেন সিলিন্ডারের মিটারে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। তাৎক্ষনিক পুরো ইউনিটে ধোঁয়া ছড়িয়ে পড়লে রোগীরা আতংকগ্রস্ত হয়ে ছোটাছুটি শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই হাসপাতালের স্টাফ ও রোগীর স্বজনরা অগ্নি নির্বাপক যন্ত্রের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষনে আতংকে হৃদরোগে আক্রান্ত নুর ইসলাম মৃত্যুবরন করেন বলে তার মেয়ে রিংকু বেগম অভিযোগ করেন।
এ ব্যাপারে হাসপাতালের পরিচালক এসএম সিরাজুল ইসলাম রোগীর মৃত্যু বিস্ফোরনে নয় দাবি করে বলেন, নুর ইসলামকে মুর্মুর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। বৈদ্যুতিক গোলযোগের কারনে অক্সিজেন মিটার বিস্ফোরণ হলেও রোগীদের কোন ক্ষতি হয়নি।
ইত্তেফাক/নূহু