গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্নান ২ বছর ৪ মাস পর সর্বোচ্চ আদালতের নির্দেশে মেয়রের চেয়ারে বসেছেন। গতকাল রবিবার দুপুরে তিনি গাজীপুর আদালতে হাজিরা শেষে নগর ভবনে গিয়ে নিজ দফতরের চেয়ারে বসেন। এর আগে মান্নান নগর ভবনে আসবেন এমন খবরে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং বিএনপিপন্থী কাউন্সিলরগণ সিটি কর্পোরেশনের সামনে এসে উপস্থিত হন।
মেয়র মান্নান সাংবাদিকদের বলেন, আমি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। কিন্তু অসংখ্য মামলা দিয়ে আমাকে কারাগারে আটক রাখা হয়েছিল। দুইবার বরখাস্ত করেছিল সরকার। কিন্তু উচ্চ আদালত সরকারের এ আদেশ স্থগিত করে দেয়।
এদিকে, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ এক প্রতিক্রিয়ায় বলেন অধ্যাপক এম এ মান্নানকে সাময়িকভাবে বরখাস্ত করার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আমাকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছিল। গতকাল পর্যন্ত ওই মন্ত্রণালয় থেকে মেয়রের দায়িত্ব পালন না করার ব্যাপারে কোনো চিঠি পাইনি। চিঠি না পাওয়া পর্যন্ত আমি ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করে যাব।
উল্লেখ্য, গাজীপুরে যাত্রীবাহীবাসে পেট্রোলবোমা হামলার মামলায় ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র এম এ মান্নানকে ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেফতার করা হয়। এরপর তার বিরুদ্ধে সব মিলিয়ে ৩০টি মামলা দায়ের করা হলেও সব কটি মামলায় তিনি জামিন লাভ করেন।
ইত্তেফাক/নূহু