রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের যাতায়াত সহজ করার জন্য চালু হয়েছে রাইড শেয়ারিং সেবা। রাবি শিক্ষার্থী মাসুদ পারভেজের উদ্যোগে চালু হওয়া এই সেবা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা মাত্র ১০ টাকা দিয়ে ক্যাম্পাসের অভ্যন্তরে যে কোনো স্থানে যেতে পারবেন।
উদ্যোক্তা মাসুদ বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। তিনি তার বিভাগেরই দুই বন্ধু সাজু মিয়া ও বাংলা বিভাগের মাজহারুলকে সঙ্গে নিয়ে একটি স্কুটি দিয়ে সেবাটি চালু করেছেন। ক্লাসের ফাঁকে তারা তিনজন ভাগ করে শিক্ষার্থীদের এ সেবা প্রদান করছেন।
ক্যাম্পাসে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ২টা এবং বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিক্ষার্থীরা এ সেবা পাবে। কোথাও যাওয়ার জন্য বের হওয়ার ৫ মিনিট আগে ফোন বা মেসেজ করে গ্রাহককে তার অবস্থান জানাতে হবে।
আরও পড়ুনঃ মুক্তি পেলেন পুলিশের ভুলে সাজাপ্রাপ্ত নিরপরাধ রেখা
মাসুদ পারভেজ বলেন, ‘আমার এই সেবার মাধ্যমে শিক্ষার্থীদের সময় ও অর্থ দুই দিক দিয়েই সাশ্রয় হবে। উবার কিংবা পাঠাওয়ের মত কিছু করার ইচ্ছা ছিল দীর্ঘদিনের। সে চিন্তা থেকেই আমি এ কাজের উদ্যোগ নিয়েছি। আশানুরূপ সাড়া পেলে এই সেবাকে আমি আরও বড় পরিসরে চালু করবো।’
ইত্তেফাক/নূহু