নেত্রকোনার পূর্বধলায় পাওনা টাকা চাইতে গিয়ে মার খেয়ে তাহাজ্জত আলী ওরফে চুট্টু মিয়া (৫০) নামের এক মুদি দোকানদার মারা গেছেন। এ ঘটনায় পুলিশ বেগম (৪৫) নামের এক নারীকে আটক করেছে।
ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার আগিয়া ইউনিয়নের বালিয়া গোদাড়া ঘাট নামক স্থানে। নিহত তাহাজ্জত আলী ওই ইউনিয়নের বেড়াইল গ্রামের মৃত চিনু শেখের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, তাহাজ্জত আলী ওরফে চুট্টু মিয়া তার বাড়ির পাশেই বালিয়া গোদাড়া ঘাট নামক স্থানে একটি মুদি দোকান দিয়ে ব্যবসা করে আসছিলেন। গত কয়েক দিন আগে বেড়াইল গ্রামের আব্দুল গফুরের ছেলে সাদেক মিয়া ওই দোকান থেকে ১২০ টাকা বাকিতে পণ্য নেয়। সোমবার সন্ধ্যায় দোকানদার সাদেকের কাছে পাওনা টাকা চাইতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সাদেক মিয়া ও তার লোকজন দোকনদার তাহাজ্জত আলীকে কিল-ঘুষি মারলে তাহাজ্জত আলী মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাহাজ্জত আলীকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান মিজান জানান এ ঘটনায় জড়িত অভিযোগে সাদেক মিয়ার চাচি বেগম নামের এক নারীকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।
ইত্তেফাক/নূহু