বগুড়ার শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকার একটি বাসায় দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছেন আর্মড পুলিশ সদস্যরা। সেখানে অভিযান পরিচালনা করে দুই যুবককে গ্রেফতার করেছেন তারা। এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি ৮টি পাইপগান, ৩ রাউন্ড তাজা গুলি, ৩ রাউন্ড শটগানের কার্তুজ এবং কয়েক রাউন্ড গুলির খোসা এবং অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত ড্রিল মেশিনসহ ইলেকট্রিক গ্রান্ডিং মেশিন উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার ভোর ৩টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে বগুড়ার চতুর্থ আমর্ড ব্যাটালিয়ন পুলিশের (৪ এপিবিএন) একটি টিম।
গ্রেফতারকৃতরা হলেন- শাজাহজানপুর উপজেলার শাকপালা এলাকার শরিফ উদ্দিনের ছেলে সাজু মিয়া (৩৬) এবং শাজাহান আলীর ছেলে সুলতান মিয়া (১৮)।
অভিযানে নেতৃত্বদানকারী ৪ এপিবিএন’র সহকারী পুলিশ সুপার (এএসপি) ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাকপালার শাজাহান আলীর বাসায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় সেখান থেকে ৮ টি পাইপগান, ৩ রাউন্ড তাজা গুলি, ৩ রাউন্ড শটগানের কার্তুজ, ৫ রাউন্ড গুলির এবং ২টি শটগানের গুলির খোসা, একটি ড্রিল মেশিন ও একটি ইলেকট্রিক গ্রানিআডং মেশিন উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে বগুড়ার শাজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/কেকে