ঈদ-উল ফিতর উপলক্ষে রাজশাহী ও ঢাকা রুটে স্পেশাল ট্রেন চলবে। নতুন স্পেশাল ট্রেনটি ২২ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন দুপুর দেড়টায় রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রুটে ছেড়ে যাবে। আর রাত ৯টা ২৫ মিনিটে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসবে।
একই নিয়মে ঈদের দ্বিতীয় দিন থেকে টানা এক সপ্তাহ রাজশাহী-ঢাকা রুটে চলাচল করবে। মঙ্গলবার দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশন মাস্টার ময়েন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, রাজশাহী-ঢাকা রুটে সিল্কসিটি, পদ্মা ও ধুমকেতু নামে তিনটি ট্রেন নিয়মিত চলাচল করছে। এই তিনটি ট্রেনও ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পরের দিন ছাড়া সাপ্তাহিক ছুটির দিনেও নিয়মিত চলাচল করবে।
এদিকে রাজশাহী-ঢাকা রুটে একটি অতিরিক্ত স্পেশাল ট্রেনের জন্য যাত্রীদের পথ চলায় কিছুটা হলেও কষ্ট কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে যাত্রীদের পক্ষ থেকে বলা হচ্ছে, ট্রেনের টিকেট কালোবাজারে বিক্রি হলে সাধারণ যাত্রীদের কোনো সুবিধা হবে না।
পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মকর্তারা জানান, প্রতিদিন রাজশাহী-ঢাকা রুটে তিনটি ট্রেন নিয়মিত চলাচল করলেও ঈদ উপলক্ষে একটি স্পেশাল ট্রেন দেয়া হয়েছে যাত্রীদের দুর্ভোগ ও ভোগান্তি কমানোর জন্য। ঈদ স্পেশাল-৩ ও ঈদ স্পেশাল-৪ নামে চলাচল করবে। নতুন ঈদ স্পেশাল ট্রেনের ১১টি বগি থাকবে। এরমধ্যে দুটি এসি ও ৯টিই ননএসি।
ঈদ স্পেশাল ট্রেনের টিকেট ২২ জুন থেকে বিক্রি শুরু হবে। রাজশাহী থেকে ঢাকা রুটে চলাচলকারী আগের তিনটি ট্রেনের টিকেরে সঙ্গেই ঈদ স্পেশাল ট্রেনের টিকেট কেনাবেচা করা হবে। এছাড়া ২১ জুন থেকে ঈদ-উল ফিতর উপলক্ষে অন্তঃনগর ও কমিউটার ট্রেনের কোন অফ-ডে (সাপ্তাহিক ছুটি) থাকবে না। যাত্রীদের চাহিদা বিবেচনা করে ২৩ জুনের পরিবর্তে রাজশাহী ও পাবর্তীপুরগামী ট্রেন ২২ জুন থেকে চলা শুরু করবে।
ইত্তেফাক/জামান