মানিকগঞ্জে শিশুর লাশ উদ্ধার

 
মানিকগঞ্জ সদর উপজেলায় হেনা আক্তার (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের আউটপাড়া গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার হয়। নিহত হেনা আক্তার ওই গ্রামের মো. হাসান আলীর মেয়ে এবং রওয়ান বিন রমজান ক্যাডেট স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।
 
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে খেলার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায় হেনা আক্তার। এরপর সে আর বাড়ি ফেরেনি। রাতে বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও হেনাকে খুঁজে পায়নি পরিবার।
 
মঙ্গলবার সকালে স্থানীয়রা বাড়ির অদূরে একটি পুকুরে হেনার লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয়। মানিকগঞ্জ সদর থানার ওসি হাবিবুল্লা সরকার জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/জামান