ফুলছড়িতে জমি বিরোধের জেরে কৃষক নিহত, আহত ১০

 
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম চর খোলাবাড়ির ব্রহ্মপুত্র নদে জেগে ওঠা জমি নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার একপক্ষের ছোড়া গুলিতে কৃষক আজাহার আলীর (৪৬) মৃত্যু হয়েছে। এসময় গুলিতে নারীসহ অন্তত ১০জন আহত হন।
 
নিহত আজাহার আলী উপজেলার খোলাবাড়ী গ্রামের মৃত ছফর উদ্দিনের ছেলে। তিনি স্ত্রী ও সন্তান নিয়ে খোলাবাড়ী আদর্শ গুচ্ছগ্রামে বাস করতেন। 
 
ফুলছড়ি থানার ওসি আবু মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, গাইবান্ধার ফুলছড়ির খোলাবাড়ী ও জামালপুরের ইসলামপুর উপজেলার জিগাতলা সীমান্তবর্তী এলাকায় ব্রহ্মপুত্র নদে সম্প্রতি কিছু জমি জেগে ওঠে। জেগে ওঠা ওই জমির মালিকানা নিয়ে ইসলামপুরের জিগাতলা গ্রামের আবদুস ছাত্তারের সঙ্গে ফুলছড়ির খোলাবাড়ী এলাকার ইউপি সদস্য সাইরুদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
 
এর জের ধরে মঙ্গলবার সকালে ছাত্তার লোকজন নিয়ে খোলাবাড়ী গুচ্ছগ্রামে হামলা চালায়। এসময় গুচ্ছগ্রামের লোকজন ঘর থেকে বের হলে অতর্কিতভাবে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ছাত্তার ও তার লোকজন। এতে আজাহার আলীসহ অন্তত ১১ জন আহত হন। এসময় গুচ্ছ গ্রামের লাল মিয়া ও শুকুর আলী নামে দুইজনকে অপহরণ করে নিয়ে যায় ছাত্তারের লোকজন। আহতদের প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
 
ইত্তেফাক/জামান