সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ সরকার ও সরকারের মন্ত্রীদের নিয়ে কটুক্তি করার অভিযোগে এক যুবকে বিরুদ্ধে মামলা হয়েছে। পাবনা জেলার আমিনপুর থানার মাসুন্দিয়া গ্রামের মৃতঃ সোনা মিয়ার ছেলে সামসুল আরেফিন চৌধুরীর বিরুদ্ধে এই মামলা হয়েছে।
মঙ্গলবার সকালে রাজবাড়ীর আদালতে এই মামলা দায়ের করেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার।
মামলার সুত্রে জানা যায়, গত ০১ জুন ২০১৭ ইং তারিখে সামছুল আরেফিন তার ফেইসবুক আইডিতে “বর্তমান সরকারের কোন মন্ত্রীর নাম শুনলে তার মুখে থুথু দিতে মন চায়” এমন একটি পোষ্ট দেন।
মামলার আগে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার রাজবাড়ী বার এসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট গনেশ নারায়ন চৌধুরীর মাধ্যমে উকিল নোটিশ দ্বারা তিন দিনের মধ্যে আসামির ফেইসবুকের বক্তব্যের ব্যাখা চাওয়া হয়। কোন প্রকার ব্যাখ্যা না দেওয়ায় মঙ্গলবার সকালে তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।
রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার জানান, আওয়ামী লীগ সরকার ও সরকারের মন্ত্রীদের নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় সামসুল আরেফিন চৌধুরীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ইত্তেফাক/নূহু