আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশ ও জাতির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নেই। গতকাল মঙ্গলবার দুপুরে কাজীপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম তার নির্বাচনী এলাকা কাজীপুরে নির্বাচনী প্রচারে দলের নেতা কর্মীদের মাঠে নামার নির্দেশ দিয়ে নির্বাচনী সেল গঠনেরও ঘোষণা দিয়েছেন। এই সেলের প্রধান হবেন সাবেক এমপি তানভীর শাকিল জয়।
মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচনকে ঘিরে বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোট নানা ষড়যন্ত্র চক্রান্ত করবে। তারা আবারো ক্ষমতায় গেলে হাওয়া ভবন ও দুঃশাসনের বেড়াজালে জনগণ নিপতিত হবে। বিএনপির হাওয়া ভবন সৃষ্টির পাঁয়তারা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার জন্যও তিনি দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন।
কাজীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন। অন্যান্যের মধ্যে সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/নূহু