জয়পুরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ভাতা, রোগীদের অনুদান

জয়পুরহাটে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী, ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস রোগী, দুর্ঘটনায় আহত ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে ৯৯ লাখ ৫০ হাজার টাকা এককালীন অনুদান হিসেবে বিতরণ করা হয়েছে।
 
স্থানীয় সমাজসেবা অধিদপ্তর সূত্র জানায়, জয়পুরহাট জেলায় সমাজসেবা অধিদপ্তর ২০১৬-২০১৭ অর্থ বছরে ১ হাজার ৭শ’ ৭৪ জনের মধ্যে ওই সকল অনুদান বিতরণ করে। সামাজিক নিরাপত্তা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় ১৯৯৭-৯৮ অর্থবছর থেকে এই অনুদান প্রদান কর্মসূচি শুরু করে।
 
সূত্রটি আরও জানায়, অনুদান প্রাপ্তদের মধ্যে রয়েছে ১ হাজার ৭শ’ ৫০ জন ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে ৮৭ লাখ ৫০ হাজার টাকা, বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে ক্যান্সার, কিডনি, স্ট্রোক, প্যারালাইসড, লিভার সিরোসিস ও জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক চিকিৎসা সহায়তা হিসাবে ২৪ জনের মধ্যে ১২ লাখ টাকা বিতরণ করা হয়েছে। 
 
জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক নুর মোহাম্মদ বলেন, বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিগুলোর অন্যতম হচ্ছে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী, ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিস রোগী, দুর্ঘটনায় আহত ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে অনুদান বিতরণ কর্মসূচি। বাসস।
 
ইত্তেফাক/এমআই