আড়াইহাজারে ১২ লাখ টাকাসহ ব্যবসায়ী নিখোঁজ

আড়াইহাজারে ১২ লাখ টাকাসহ রোমান মিয়া (৩০) নামে এক কাপড় ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন। গত সোমবার তার কাপড়ের দোকান থেকে ১২ লাখ টাকা নিয়ে একই বাজারের সাউথ ইস্ট ব্যাংকে জমা দিতে গিয়ে তিনি নিখোঁজ হন। তিনি উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বড় মনোহরদী গ্রামের ফয়েজ আলীর ছেলে। 
 
রোমানের মা গোলাক্তার বেগম বলেন, রোমান এক যুগেরও বেশি সময় ধরে গ্রে কাপড়ের ব্যবসা করেন। তাঁর দুই বছরের বছর বয়সের একটি ছেলে আছে। গত সোমবার সকালে কালিবাড়ি আ. হান্নান মার্কেটের দোতলায় তার কাপড়ের গদি থেকে ১২ লাখ টাকা সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড, আদর্শ বাজার (কালিবাড়ি) শাখায় জমার দেয়া উদ্দ্যেশ্যে বের হওয়ার পর তাকে আর পাওয়া যায়নি। তার ব্যবহৃত দুইটি মোবাইল ফোনে কল করলে ফোনসেট বন্ধ পাওয়া যায়। রাতেও বাড়িতে আর ফিরে আসেননি। স্বামীর শোকে রোমানের স্ত্রী নাদিয়া জ্ঞান হারিয়ে ফেলছেন। তিনি এখন শয্যাশায়ী। শিশু ছেলেটি বাবার আদর পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। কখনো কখনো ফুঁপিয়ে কান্না করছে।
 
রোমানের বড় ভাই মো. মানিক মিয়া বলেন, ‘বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেছি। রোমানের নিখোঁজের ঘটনায় র‌্যাব-১১ (আদমজী) ও আড়াইহাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
 
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন নিখোঁজের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ রোমানের নিখোঁজ হওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত কার হচ্ছে। তিনি নিখোঁজ নাকি অপহরণ হয়েছেন, সেটিও বের করার চেষ্টা চালানো হচ্ছে।
 
ইত্তেফাক/এমআই