কক্সবাজারের মহেশখালীতে র্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে ১৩টি দেশীয় বন্দুক সহ তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, হাবিবুর রহমান প্রকাশ মলই হাবিব, নাছির উদ্দিন ও শহিদুল ইসলাম। মঙ্গলবার রাতে র্যাব-৭ এর সিপিপি-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী উপজেলার শাপলাপুর বারিয়াছড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রগুলো বিক্রয় সময়ের তাদেরকে গ্রেফতার করে।
র্যাবের অভিযান টের পেয়ে আরো তিন অস্ত্র ব্যবসায়ী হোয়ানক হরিয়াছড়া গ্রামের বদর আলীর পুত্র সরওয়ার (২৭), বড় মহেশখালী সিপাহীর পাড়া গ্রামের মৃত কলিম উল্লার পুত্র সাহাদত হোসেন (৫৫), কালারমারছড়া আধাঁরঘোনার ফজলুল হকের পুত্র এহেছান হোসেন পালিয়ে যায়।
এ সময় অস্ত্র বিক্রয়ের নগদ তেইশ হাজার টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংক কক্সবাজার শাখার এক লাখ পঁচাশি হাজার টাকার একটি চেক, চারটি মোবাইল, ২২টি তাজা কার্তুজ উদ্ধার করে।
র্যাবের জিওডিএ মো. জসিম উদ্দিন (বিজিবি) বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মহেশখালী থানায় এজাহার দায়ের করে। হোয়ানক ইউনিয়নের ফকিরখালী পাড়ার নুর আহমদের পুত্র হাবিবুর রহমান প্রকাশ মলই হাবিব এর বিরুদ্ধে মহেশখালী, কক্সবাজার থানায় আট/নয়টি মামলা রয়েছে।
এ ব্যাপারে মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হবে এবং ঈদের পূর্বে অপরাধীদের ধরতে সাড়াশি অভিযান পরিচালনা করা হবে।
ইত্তেফাক/জামান