সিরাজগঞ্জের বেলকুচিতে এক অপহৃতা কিশোরীকে পাবনার আমিনপুর থানা পুলিশের সহযোগিতায় কাশিনাথপুর থেকে বৃহস্পতিবার সকালে উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশ। এ সময় পার্থ সুত্রধর নামে এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অপহরণকারী পার্থ সুত্রধর (২২) পাবনা জেলার আমিনপুর থানার কাশিনাথপুর গ্রামের দুলাল সুত্রধরের ছেলে।
বেলকুচি থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম জানান, গত ৯ জুন বালাবাড়ী থেকে পার্থ সুত্রধরসহ কয়েকজন ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে যান। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার ভোরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পাবনার আমিনপুর থানা পুলিশের সহযোগিতায় কাশিমপুর গ্রাম থেকে ওই কিশোরীকে উদ্ধার ও অপহরণকারী মূল হোতা পার্থকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেন।
এদিকে, পুলিশ আসামি পার্থকে আদালতের মাধ্যমে জেলহাজতে ও অপহৃতাকে মেডিকেল টেস্টের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
ইত্তেফাক/কেকে