ঝিনাইদহে নাশকতা, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী পুলিশি অভিযানে বিএনপি'র দুই নেতা, এক ডাকাত, অস্ত্র ও গুলিসহ ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহষ্পতিবার সকাল পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ঝিনাইদহ সদর উপজেলা থেকে ২ বিএনপি নেতাসহ ১৭ জন, শৈলকুপা উপজেলা থেকে ৪ জন, হরিণাকুন্ডু উপজেলা থেকে ২ জন, কালীগঞ্জ উপজেলা থেকে ৮ জন, কোটচাঁদপুর উপজেলা থেকে ৪ জন ও মহেশপুর উপজেলা খেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা আছে। থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর আদালতে পাঠানো হয়।
এদিকে, বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার ডাকাতিয়া এলাকা থেকে সজল হোসেন নামে এক আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করে ঝিনাইদহ থানা পুলিশ।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, বৃহস্পতিবার ভোরে ঝিনাইদহ-যশোর মহাসড়কে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আটক করা হয় সজল হোসেনকে। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শ্যুটারগান ও ২ রাউন্ড গুলি। তার বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ইত্তেফাক/কেকে