মিরপুরে হত্যা মামলা, উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী প্রধান আসামি

শাহাবুদ্দিন শাহীন(২৮) হত্যাকাণ্ড ঘটনার ৪দিন পর বৃহষ্পতিবার রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিনকে প্রধান আসামি করে মামলা দায়ের হয়েছে। মামলা নং-৮। তাং ২২ জুন-২০১৭ ইং।

মামলার বাদী আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথা। থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, এজাহারে ৪০ জনের নামোল্লেখ ছাড়াও অজ্ঞাত ১৫/২০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে ২/১ জন ছাড়া সবাই ক্ষমতাসীন আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

উল্লেখ্য, গত ১৮ জুন দুপুরে উপজেলার আমলা বাজারে ক্ষমতাসীন স্থানীয় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মালিথা গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। সংঘর্ষে আওয়ামলীগ কর্মী ও বাজারের গার্মেন্টস ব্যবসায়ী শাহাবুদ্দিন শাহীন নামের একজন নিহত হয়।

নিহত শাহীন আমলা ইউনিয়নের শাহাপুর গ্রামের শাজাহান ওরফে শাহারুল মেম্বরের ছেলে।

এ বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মামলার সত্যতা নিশ্চিত করেন।

ইত্তেফাক/নূহু