সিটি করপোরেশনের গাড়িচাপায় এক নারী নিহত

রাজধানীর পুরান ঢাকার বকশিবাজারে সিটি করপোরেশনের ময়লার গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী নূরজাহান পূষণ (২২) নামে এক নারী মারা গেছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটর সাইকেল চালক পূষণের স্বামী মো. আসিফও আহত হয়েছেন।

নিহত নারীর স্বামী আসিফ জানান, তারা বংশাল মালিটোলা এলাকায় থাকেন। স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে বকশিবাজার রোড ঢাকা মেডিকেলের নতুন ভবন সংলগ্ন প্রধান সড়কে দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি তাদের মটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা দু’জনই ছিটকে রাস্তার দু’পাশে পড়ে যান। একপর্যায়ে ময়লার গাড়িটি তার স্ত্রীর মাথার উপর দিয়ে চলে যায়। স্ত্রীর মাথায় হেলমেট থাকা সত্ত্বেও হেলমেট ফেটে মাথায় গুরুতর আঘাত লাগে। পথচারীরা তাদের দু’জনকে দ্রুত উদ্ধার ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিত্সক রাত পৌনে ১২ টার দিকে নূরজাহানকে মৃত ঘোষণা করেন।