সুন্দরগঞ্জে রবিউল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

 
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পশ্চিম ছাপড়হাটী গ্রামের ব্যবসায়ী রবিউল ইসলাম হত্যাকারীদের গ্রেফতারসহ ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
 
শুক্রবার দুপুরে মণ্ডলের হাট-থ্যালথ্যালি বাজার সড়কের চৌমুহনী বাজার নামক স্থানে বিক্ষোভ ও মানববন্ধনে এলাকার হাজার হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। দীর্ঘ প্রায় দেড় কিলোমিটারব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- নিহতের স্ত্রী বিলকিছ আক্তার, ছেলে সন্তান মোস্তাফিজুর রহমান মুকুল, এলাকাবাসীর পক্ষে শফিকুল আযম, রফিকুল ইসলাম, বকুল বিশ্বাস, শামছুল আলম।
 
বক্তারা অবিলম্বে রবিউল হত্যাকারীদের গ্রেফতারপূর্বক আইনের হাতে সোপর্দ্দ করে দ্রুত বিচার আইনের মাধ্যমে ফাঁসির দাবি জানান। পরে বিক্ষোভকারীরা গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের থ্যালথ্যালা বাজার নামক স্থানে সড়ক অবরোধ করে অবস্থান নিলে প্রায় ঘণ্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক ঘটনা স্থলে গিয়ে আসামি গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধকারীরা তাদের অবরোধ তুলে নেয়।
 
উল্লেখ্য, গত ১৮ জুন রাতে ব্যবসায়ী রবিউল ইসলাম বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। গত ২০ জুন একই গ্রামের আঙ্গুর মিয়ার পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ নিয়ে রবিউলের স্ত্রী বাদী হয়ে ওই দিনই সাবেক সেনা সদস্য ও বর্তমান জেলা পরিষদ সদস্য আলতাব হোসেন, তার বড় ভাই ইউপি সদস্য দুদু মিয়াসহ ৯ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে পুলিশ মামলা দায়েরের পর ইউপি সদস্য দুদু মিয়াকে গ্রেফতার করলেও অন্য আসামিরা অধরা থাকায় এলাকাবাসী ফুসে উঠেছে।
 
ইত্তেফাক/জামান