শ্রীমঙ্গলে রাস্তার বেহাল দশা

 
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোণ ইউনিয়নের বিষামণি ও মোহাজেরাবাদ এলাকায় রাস্তার বেহাল অবস্থা যেন দেখার কেউ নেই। রাস্তার যত্রতত্র ভাঙনের ফলে একদিকে যান চলাচল বিঘ্ন হচ্ছে অন্যদিকে জনজীবনে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
 
জানা যায়, বিগত সাত/আট বছর ধরেই এ রাস্তায় যেখানে সেখানে ভাঙন দেখা দেয়। স্থানীয় জনপ্রতিনিধিদের উদাসীনতার কারণে এ রাস্তায় তেমন কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি দীর্ঘ দিনেও। অথচ এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষকে শহরে যাতায়াত করতে হয় প্রয়োজনীয় কাজে।
 
এলাকার স্বনামধন্য জান্নাতুল ফেরদৌস মসজিদ, নভেম রিসোর্ট সহ বিভিন্ন আকর্ষণীয় পর্যটন স্পটগুলোতে বেড়াতে আসা পর্যটকদেরকেও এই রাস্তার কারণে অনেক বেকায়দায় পড়তে হয়। এছাড়া রাস্তার যত্রতত্র ভাঙন আর কাদা-মাটির কারণে এলাকার স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের প্রায়ই দুর্ভোগ পোহাতে হয়।
 
এলাকাবাসী মো. সিদ্দিকুর রহমান জানান, সরকারিভাবে এখানে রাস্তা মেরামতের কোন উদ্যোগ না থাকায় স্থানীয়ভাবে বেশ কয়েকবার বাঁশ মাটি দিয়ে ভাঙ্গনগুলো অস্থায়ীভাবে মেরামত করা হলেও কিছুদিনের মধ্যেই আবার ভাঙন দেখা দেয়। ফলে এলাকাবাসীর পথ চলাচলে চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
 
এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের জরুরিভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসী। তবে আশিদ্রোণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রণেন্দ্রপ্রসাদ বর্ধন জহর বলেন, 'ইতোমধ্যে বিভিন্ন স্থানে রাস্তার কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সকল এলাকায়ই কাজ করা হবে।'
 
ইত্তেফাক/জামান