গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও আটজন আহত হয়েছেন। শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে একজনের নাম জানা গেছে।তিনি হলেন আবু বকর (৩০)। বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি।
কোনাবাড়ি-সালনা হাইওয়ে থানার এসআই মো. কাউছার ও স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে মৌচাক এলাকায় চন্দ্রাগামী যাত্রীবাহী লেগুনার সঙ্গে গাজীপুরগামী গরুবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে অন্তত ১২ লেগুনা যাত্রী আহত হয়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক এবং গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন এক নারীসহ তিনজন মারা যান। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে আবু বকর মারা যান।
ইত্তেফাক/ইউবি