কোচ অনিল কুম্বলের বিদায়ের পরবর্তী প্রথম ম্যাচটিই পরিপূর্ণভাবে খেলতে পারেনি ভারত। এসেছে প্রকৃতির বাধা। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেলো ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে। গত শুক্রবার টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৩৯.২ ওভারে ৩ উইকেটে ১৯৯ রান তোলে ভারত। এরপরই বৃষ্টি শুরু হয়। পরে অব্যাহত বৃষ্টির কারণে খেলা আর মাঠে গড়ায়নি। তাতেই ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। দুই দলের পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেটি অনুষ্ঠিত হবে আগামী ২৫ জুন।
পোর্ট অব স্পেনে ব্যাট হাতে শুরুটা দারুণ করেছিলেন ভারতের দুই ওপেনার আজিঙ্কা রাহানে ও শেখর ধাওয়ান। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচ খেলতে না পারেননি রাহানে। এই সিরিজে রোহিত শর্মা বিশ্রামে থাকায় সুযোগ পেলেন রাহানে।
২৫ ওভারে ১৩২ রানের জুটি গড়েন রাহানে ও ধাওয়ান। ক্যারিবীয়দের বিপক্ষে উদ্বোধনী জুটিতে এটি ভারতের তৃতীয় শতক। সবগুলোই এই ভেন্যুতে। এরমধ্যে দুজনই তুলে নেন হাফ-সেঞ্চুরি। রাহানেকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম সাফল্য এনে দেন পেসার আলজারি জোসেফ। ৭৮ বলে আটটি চারে ৬২ রান করেন তিনি।
রাহানে ফিরে যাবার পর বেশিক্ষণ স্থায়ী হননি ধাওয়ানও। ৮টি চার ও ২টি ছক্কায় ৯২ বলে ৮৭ রান করে থামেন তিনি।
ধাওয়ানের বিদায়ে চার নম্বরে ব্যাট করতে নেমে বড় ইনিংস খেলতে পারেননি যুবরাজ সিং। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডারের শিকার হবার আগে মাত্র ৪ রান করেন তিনি। এরপর জুটি বাঁধেন অধিনায়ক বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি। দুজনে ১৭ বলের বেশি খেলতে পারেননি। তারপরই বৃষ্টি কারণে বন্ধ হয়ে যায় খেলা। কোহলি ৪৭ বলে ৩২ ও ধোনি ৯ রানে অপরাজিত ছিলেন। বাসস।
ইত্তেফাক/এমআর