নেত্রকোনার কলমাকান্দায় ছেলের হাতে মা খুন

নেত্রকোনার কলমাকান্দায় ছেলের হাতে মা খুন হয়েছে। ছেলে পরেশ আলী তার মা সামছুনাহারকে (৬৫) ধারালো ছুরি দিয়ে কুপিয়ে ও ইট দিয়ে থেতলিয়ে হত্যা করে। উপজেলার রংছাতি ইউনিয়নের বাতানিয়া পাড়া গ্রামে শনিবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ হন্তারক পুত্র পরেশ আলীকে গ্রেফতার করেছে। 
 
পুলিশ সূত্র জানায়, কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও বাতানিয়া পাড়া গ্রামের দিনমজুর মো. সামছুমিয়া (৬৫) তার স্ত্রী সামছুনাহার (৫৫) এবং মাদকাসক্ত বখাটে ছেলে মো. পরেশ আলী (২৩) পরিবারের অন্য সদস্যদের নিয়ে শনিবার একসাথে বসে ইফতার করে। 
এরপর রাত আটটার দিকে পরেশ তার মায়ের কাছে ভাত চায়, মা সামছুনাহার একটু পরে ভাত দিবে বললে, তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় পরেশ উত্তেজিত হয়ে মাকে ইট দিয়ে ও দা দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তার পরিবারের সদস্য ও প্রতিবেশীরা সামছুনাহারকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে দায়ের কোপ ও আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মাদকাসক্ত পরেশ আলীকে আটক করা হয়েছে।
 
ইত্তেফাক/এমআই