মধুখালীতে ভিজিএফএর গম পাচারকালে চৌকিদার আটক

 
আজ রবিবার ভোর রাতে ফরিদপুরের মধুখালী উপজেলার ৭নং মেগচামী ইউনিয়নের পবিত্র ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে বিতরণের জন্য ভিজিএফ এর গম ইউনিয়ন পরিষদ থেকে নছিমন যোগে পাচারের সময় স্থানীয় জনতা ও পুলিশ উক্ত গম আটক করে। এ সময় ওই কাজে জড়িত থাকার অভিযোগে ৪নং ওয়ার্ডের চৌকিদার রতন বিশ্বাসকে হাতে নাতে আটক করে পুলিশ।
 
জানাগেছে, সরকার কর্তৃক প্রদত্ত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে ভিজিএফ এর গম বিতরণ করার অংশ হিসেবে মেগচামী ইউনিয়নে গতকাল শনিবার ৮শতাধীক দুস্থদের মাঝে প্রতি জনকে ১৩ কেজি করে গম বিতরণ করা দিন ধার্য ছিল। তার মধ্যে দুইশতাধিক কার্ডধারী গম নিতে না আসায় ইউপি চেয়ারম্যান সংশ্লিষ্ট ওয়ার্ডের রতন চৌকিদারের হেফাজতে উক্ত গম ইউনিয়ন পরিষদের হলরুমে রাখাছিল। শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টায় গমগুলো পাচারের জন্য দুটি নচিমনে উঠানো হয়। এ সময় মধুখালী থানা পুলিশের তিনজন কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গম জব্দ করে এবং হাতে নাতে রতন চৌকিদারকে আটক করে।
 
এ ব্যাপারে মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, শনিবার ভিজিএফ এর গম বিতরণ শেষে ৪৫বস্তা গম রতন চৌকিদারের হেফাজতে ইউনিয়ন পরিষদে রাখা হয়। রাতের বেলা রতন গম পাচার কালে পুলিশের হাতে ধরা পরে। এ ব্যাপারে আমি নিজে বাদী হয়ে রতনের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
 
এ ব্যাপারে মধুখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে পাচারকালে ৪৩ বস্তা গমসহ চৌকিদার রতনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
 
উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহার গম পাচারের ঘটনা নিশ্চিত করে জানান, চেয়ারম্যান সাহেবকে বলেছি এব্যাপারে মামলা করা জন্য।
 
ইত্তেফাক/এমআর