ফুলবাড়ীতে এক নারীকে পিটিয়ে হত্যা, আটক ১

 
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মর্জিনা বেগম (৪৫) নামের এক নারীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশী পরিবারের সদস্যরা।তিনি ওই এলাকার ছোলে উদ্দিনের স্ত্রী।শনিবার রাতে উপজেলার শিমুলবাড়ী জকুরটল এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
 
এজাহার সূত্রে জানা যায়,  জমি নিয়ে প্রতিবেশী ইউনুছ আলীর সঙ্গে ছোলে উদ্দিনের  দীর্ঘদিন থেকে  বিরোধ চলে আসছিলো। পূর্ব বিরোধের জের ধরে ইউনুছ আলী (৫৫) তার স্ত্রী জয়নোব বেগম (৫০), ছেলে একরামুল হক (৩৫) এরশাদুল হক (৩৩) এনামুল হক (৩২) ছেলের বউ রোজিনা (২৮) রোকসানা (২৫) ও তুলি বেগম (২২) মর্জিনার বাড়ীতে হামলা করে। বাড়ীতে একা থাকার সুবাদে তারা মর্জিনাকে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে এলোপাথাড়ি মারপিট করে। এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা চলে যায় । পরে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারী একরামুল কে আটক করে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
 
নিহতের  ছেলে মজিদুল হক জানান, তারা আমার মাকে অন্যায় ভাবে পিটিয়ে হত্যা করেছে। আমি এর উপযুক্ত বিচার চাই।
 
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম জানান, নিহতের ছেলে  বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে এবং আটক আসামীকে জেল হাজতে  প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/এমআর