টাঙ্গাইলের মির্জাপুরে ঈদের ছুটিতে ঐতিহ্যবাহী মহেড়ার রাজবাড়ি দেখতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। রাজবাড়ির দৃষ্টি নন্দন পুরাকীর্তি ও ঐতিহ্যবাহী স্থানগুলোতে দর্শনার্থীদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠছে। আজ মঙ্গলবার রাজবাড়ি ঘুরে দেখা গেছে বিভিন্ন স্থান থেকে আসা প্রচুর দর্শনার্থীদের সমাগম হয়েছে।
জানা গেছে, মহেড়ার রাজবাড়ি একটি ঐতিহ্যবাহী নাম। এই রাজবাড়িকে ঘিরে রয়েছে নানা স্মৃতি। রাজবাড়ির মুল প্রতিষ্ঠাতা হলেন দানবীর আনন্দ মোহন রায় চৌধুরী। বিশাল এলাকা নিয়ে গঠিত এই রাজবাড়িতে রয়েছে বিভিন্ন স্থাপনা। এই স্থাপনাগুলো নানা কারুকাজে খচিত। এখানে রয়েছে বিশাল আকারের পুকুর, আনন্দ লজ, কাচারি বাড়ি, বাগান, মিনি চিড়িয়াখানা, দৃষ্টি নন্দন তোরণ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, বিচারালয়সহ বিভিন্ন স্থাপনা।
আনন্দ মোহান রায় চৌধুরী ও তার পরিবার এখান থেকেই জমিদারী পরিচালনা করেছেন। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় তিনি জমিদারী ছেড়ে স্বপরিবারে ভারতে পালিয়ে যান। পরে তার বিশাল এই সম্পদ স্থানীয় লোকজন বিভিন্ন কৌশলে দখল নিতে থাকেন। এলাকার কিছু শিক্ষানুরাগী জমিদার বাড়িতে একটি বিদ্যালয় তৈরি করেন। এর নাম দেন মহেড়া আনন্দ উচ্চ বিদ্যালয়। তৎকালীন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও টাঙ্গাইলের কৃতি সন্তান মরহুম আব্দুল মান্নান খানের প্রচেষ্টায় বাড়িটি রক্ষার জন্য সরকারী ভাবে এখানে পুলিশ ট্রেনিং সেন্টার তৈরি করেন। বর্তমানে এটি বাংলাদেশের দ্বিতীয় পুলিশ ট্রেনিং সেন্টার। রাজবাড়ির পুরাতন স্থাপনাগুলো সংস্কার করে নতুন ভাবে সাজানো হয়েছে।
রাজবাড়ির বিভিন্ন কারুকাজ দেখতে এখনো লোকজন ভিড় করে থাকেন। বিশেষ করে ঈদ,পহেলা বৈশাখ,২৬ মার্চ,১৬ ডিসেম্বর,২১ ফেব্রুয়ারিসহ বিভিন্ন সময় হাজার হাজার দর্শনার্থী ভিড় করে থাকেন। এছাড়া এই রাজবাড়িতে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে শিল্পী ও কলাকুশলীরা এসে নাটক ও সিনেমার শুটিং করে থাকেন। জনপ্রিয় সংগীত শিল্পী হানিফ সংকেতও এখানে এসে একাধিকবার ইত্যাদির অনুষ্ঠান করেছেন। রাজধানী ঢাকার মহাখালী, গাবতলী ও যাত্রাবাড়ী থেকে বাসে ও কমলাপুর স্টেশন থেকে ট্রেনে অনায়াসে মির্জাপুরের মহেড়ার রাজবাড়িতে অল্প খরচে আসা যায়।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন বলেন, মহেড়ার রাজবাড়ি একটি ঐতিহ্যবাহী স্থান। এখানে যে স্থাপনাগুলো রয়েছে তা দেখার মত।দর্শনার্থীদের নিরাপত্তার জন্য সকল ধরনের সহযোগিতা প্রশাসন থেকে দেওয়া হয়।
ইত্তেফাক/এমআর