তরুণ প্রতিভাবান ফুটবলার লি সিউং উ। যিনি দক্ষিণ কোরিয়ার মেসি হিসেবে সর্বাধিক পরিচিত! ২০১১ সাল থেকে খেলছেন স্পেনের জায়ান্ট ক্লাব বার্সেলোনার যুব দলের হয়ে। গত বছর কাতালান ক্লাবটির ‘বি’ দলের হয়েও একটি ম্যাচ খেলেছেন ১৯ বছর বয়সী এই স্ট্রাইকার। কিন্তু দক্ষিণ কোরিয়ার এই বিস্ময় বালক হুমকি দিয়েছেন তার বর্তমান ক্লাব বার্সেলোনা ছাড়ার। মূলত সিনিয়র দলে খেলতে না পারার হতাশাতেই ন্যু ক্যাম্প ছাড়তে চান লি সিউং উ!
তাই ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করার কথা জানিয়েছেন সিউং। এক বিবৃতিতে সিউং বলেন, ‘ক্লাবের সঙ্গে মিটিং করে এবং অন্যদের উপদেশ শুনার পরই সম্ভাব্য সেরা সিদ্ধান্তটা নিতে চাই। যদি আমি বার্সেলোনার হয়ে খেলতে না-ই পারি তাহলে আমি অবশ্যই সেই ক্লাব বেছে নিবো যারা আমাকে সেরা সুযোগ দেবে।’
সিউংকে দলে নেওয়ার ব্যাপারে দারুণ আশাবাদী জার্মানির ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড। এ নিয়ে চলছে বেশ জল্পনা-কল্পনা। তবে যে ক্লাবেই যোগ দেন না কেন, পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে নিজের আরও উন্নতি করতে চান লি সিউং, ‘নতুন মৌসুমটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সে জন্যই নিজেকে প্রস্তুত করতে চাই আমি। ফুটবলার হিসেবে আমি নিজের আরও উন্নতি করতে চাই।’ বর্তমান ফুটবলের অন্যতম সেরা ক্লাব ছেড়ে গিয়ে ভালো পারফর্ম করতে পারলে ভবিষ্যতে আবারও বার্সায় আসার সুযোগ থাকবে বলে বিশ্বাস সিউংয়ের।
ইত্তেফাক/রেজা