বগুড়ায় তুচ্ছ ঘটনায় ছেলের হাতে পিতা খুন হয়েছে। বৃহস্পতিবার রাত অানুমানিক সোয়া ১০ টার দিকে সদরের বারপুর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত নান্নু মিয়া (৫৫) বারপুর এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত ) আসলাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নান্নু মিয়া তার ছেলে তোতা মিয়ার হাতে খুন হয়েছেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
নিহতের পারিবারিক সুত্রের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, বৃহস্পতিবার রাতে স্থানীয় কয়েকজন হুজুরকে রাতের খাবারের জন্য দাওয়াত করেন নান্নু মিয়া। সেই অনুযায়ী তার স্ত্রী ভাত, ডাল, ডিম ভাজি, মাছের তরকারি ও মাছ ভাজি করেন। রাতে বাড়ি ফিরে নান্নু মিয়া রুটি খেতে চাইলে তার স্ত্রী রুটি তৈরি করতে যান। এমন সময় ছেলে তোতা মিয়া বাড়ি ফিরে নিজেই খেতে বসে বেশির ভাগ তরকারি খেয়ে ফেলে।
বাড়িতে মেহমান আসবে, তাই নান্নু মিয়া ছেলেকে সব খেয়ে ফেলতে নিষেধ করেন। ছেলে তোতা মিয়া বাবার নিষেধ না মেনে উল্টো লোহার তৈরি বস্তু দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলে নান্নু মিয়া মারা যান।
ঘটনার পর তোতা মিয়া পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/নূহু