দুর্গাপুরের পাহাড়ি নদী খরস্রোতা সোমেশ্বরীর ভাঙনের কবলে পড়ে বিধ্বস্ত হয়েছে বিজয়পুর-ডাকুমারা সড়ক রক্ষা বাঁধ। এছাড়া সড়কসহ উপজেলার আরো অনেক এলাকা বিলীন হতে চলেছে।
ইতিমধ্যে কুল্লাগড়া ইউনিয়নের শিবগঞ্জ, ডাকুমারা, বিজয়পুর এবং দুর্গাপুর পৌর এলাকার অনেক জায়গা সোমেশ্বরীর গর্ভে চলে গেছে। প্রতিবছরই বর্ষায় নদী ভাঙনের কবলে পড়ে ছোট হয়ে আসছে দুর্গাপুর। এই কয়েকটি এলাকার চার থেকে পাঁচশ পরিবার এ কারণে উদ্বাস্তু হয়ে এখন বিভিন্ন স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। বিশেষ করে শিবগঞ্জ বাজার এবং বিজয়পুর সড়কের ক্ষতি বেশি।
নদীর ভাঙনের কবল থেকে সড়ক রক্ষার জন্য নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড ২০০৮-২০০৯ অর্থবছরে শীবগঞ্জ এবং ডাকুমারা এলাকার কিছু অংশ পাকা ব্লক দিয়ে বাঁধ দিলেও বছর যেতে না যেতেই ব্লক ধসে পড়ে এবং ভাঙন অব্যাহত থাকে। আবার এই এলাকার শত শত বাড়ি-ঘর এখন সোমেশ্বরীর হুমকিতে রয়েছে। যে কোনো সময় বাড়ি-ঘর ও জমি নদীতে বিলীন হতে পারে।
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানায়, অর্থ বরাদ্দ না থাকায় ডাকুমারা সড়ক রক্ষা বাঁধ নির্মাণ করা সম্ভব হচ্ছে না।
স্থানীয় এমপি ছবি বিশ্বাস জানান, তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন। যাতে বিধ্বস্ত অংশ পুনরায় সংস্কার করা যায়।
ইত্তেফাক/নূহু