জেলার তানোরে স্কুলে বসে মদ পান করায় প্রধান শিক্ষকসহ ৫ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যার আগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ৩ মাস করে সাজা দেয়া হয়। এর আগে দুপুরে তানোর থানা পুলিশ অভিযান চালিয়ে মিরাপুর গ্রামের ছাওড় জুনিয়র গার্লস স্কুলের অফিস কক্ষ থেকে দেশি ও বিদেশী মদসহ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের ছাওড় জুনিয়র গার্লস স্কুলের প্রধান শিক্ষক ও তানোর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুলতান আহম্মেদ (৪২), একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হরিপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে বুলবুল আহম্মেদ (৩৮), বারোঘরিয়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে তানোর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক শাহ আলম (৩৫), হাতিশাইল গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে ঢাকা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মোস্তাফিজুর রহমান (৪০) ও হাতিশাইল গ্রামের ফজলুর রহমানের ছেলে দুরুল হুদা (৩০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রধান শিক্ষক দিনের বেলায় স্কুলের অফিস ঘরে আসর বসিয়ে মদ খেয়ে মাতলামি করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানা পুলিশ স্কুলে হানা দিয়ে মদসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার সন্ধ্যার আগে নির্বাহী মাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শওকাত আলী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম বলেন, এটি একটি ন্যক্কারজনক ঘটনা। দণ্ডিত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তানোর থানার ওসি রেজাউল ইসলাম জানান, স্কুল ছুটি থাকায় প্রধান শিক্ষক সুলতান তার স্কুলের অফিস কক্ষে বসে মদ পান করছিলেন। এ সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ইত্তেফাক/এমআর