নেত্রকোনায় নদীতে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

 
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার খরস্রোতা সোমেশ্বরী নদী থেকে নিখোঁজ  ছাত্র সাঈফ খানের (২২)  লাশ বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার করেছে স্থানীয়রা। সে মুন্সিগঞ্জ জেলা সদরের ভেজগাঁ গ্রামের নূর হোসেনের ছেলে এবং ময়মনসিংহ নজরুল বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৫ সদস্যের একটি শিক্ষার্থীর দল ঈদ উপলক্ষে নেত্রকোনার বিরিশিরি এলাকায় ঘুরতে আসে। ওই শিক্ষার্থীদের দলে ছিল সাঈফ খান। বৃহস্পতিবার বিকেল ২টার দিকে বন্ধুদের সঙ্গে খরশ্রোতা সোমেশ্বরী নদীতে গোসল করতে নেমে চোরাবালিতে আটকা পড়ে তলিয়ে যায়। এসময় আরো এক বন্ধু নদীতে তলিয়ে গেলে সে নদীর আধা কিলোমিটার ভাটি এলাকায় গিয়ে সাঁতরে পাড়ে উঠে। নিখোঁজের সংবাদ পেয়ে স্থানীয় লোকজন বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
 
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, উদ্ধার হওয়া শিক্ষার্থীর অভিভাবককে সংবাদ দেয়া হয়েছে।
 
ইত্তেফাক/এমআর