মেক্সিকোকে হারিয়ে কনফেডারেশনস কাপের ফাইনালে জার্মানি

অনভিজ্ঞ দল নিয়েই কনফেডারেশনস কাপের সেমিফাইনালে মেক্সিকোকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। এবার ফাইনালে চিলির মুখোমুখি হচ্ছে জোয়াকিম লোর ছেলেরা।
 
জানা গেছে, প্রথমার্ধে জার্মানির সাঁড়াশি আক্রমণে রীতিমতো ছন্নছাড়া হয়ে যায় মেক্সিকোর রক্ষণভাগ। দুই অর্ধের শেষেই খেলায় ফেরার একটা মরিয়া লড়াই দেখা গেলেও শেষ পর্যন্ত ফাইনালের দরজা খুলল না মেক্সিকোর। 
 
গোরেৎকার জোড়া গোল এল ম্যাচ শুরুর আট মিনিটের মধ্যেই। ছ’মিনিটে কাউন্টার অ্যাটাকে যে ভাবে হেনরিকসের থেকে বল নিয়ে বক্সের কোনা থেকে গোলে ঢোকালেন তাতে গোলকিপার বেরিয়ে এসেও আটকাতে পারেননি। ঠিক দু’মিনিটের মধ্যে আবার গোল। কারিগর সেই গোরেৎকাই। এবার বলের পাসটি বাড়িয়েছিলেন ওয়ের্নার। যে নবাগত স্ট্রাইকারকে ঘিরে জার্মানির ফুটবলে এখন অনেক প্রত্যাশা। দ্বিতীয়ার্ধে গোল এল তার পা থেকেও।
IMG0
এ দিন দলে চারটি পরিবর্তন এনেছিলেন জার্মানির কোচ জোয়াকিম লো। তার মধ্যে ফিরেই বাজিমাত গোরেৎকার। যে জার্মান রক্ষণকে অনভিজ্ঞতার জন্য দুর্বল ভাবা হচ্ছিল তারাই এ দিন হার্নান্দেজের মতো অভিজ্ঞ স্ট্রাইকার সমৃদ্ধ মেক্সিকোকে আটকে রাখল ৮৯ মিনিট পর্যন্ত। মেক্সিকো দলেও চারটি পরিবর্তন এনেছিলেন কার্লোস ওসোরিও।
 
এই জার্মান দলে বড় কোনো নাম ছিল না। তবুও দারুণভাবেই শুরু করেছিল পুরো দল। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে ঘুরে দাঁড়ানোর একটা অদম্য প্রচেষ্টা দেখা যায় মেক্সিকোর মধ্যে। বেশ কয়েকবার আক্রমণেও ওঠেন জিমেনেজ, হার্নান্দেজরা। ৩৯ মিনিটে দারুণ জায়গায় ফ্রি-কিকও পেয়ে গিয়েছিল মেক্সিকো। ৩০ গজ দুর থেকে হেরেরার মাপা শট আঙুলের টোকায় বাইরে পাঠান জার্মান গোলকিপার।
IMG1
প্রথমার্ধে যেখানে শেষ করেছিল দ্বিতীয়ার্ধে সেখান থেকেই শুরু করে মেক্সিকো। কিন্তু সুযোগ এলেও গোলের মুখ খুলতে ব্যর্থ। আর সেই ফাঁকেই বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে গোলের ব্যবধান বাড়িয়ে নেন ওয়ের্নার। এখানেই শেষ হয়ে যায় খেলা। শেষ বেলায় ৩৫ গজ দূর থেকে সরাসরি যে সান্ত্বনা গোলটি করলেন মেক্সিকোর ফাবিয়ান দে লা সেটাই এই ম্যাচের এমন কী এখনও পর্যন্ত টুর্নামেন্টের সেরা গোল। ৮৯ মিনিটে জার্মানির হয়ে ৪-১ করলেন আমিন ইওনেস। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু