চাঁদপুরের হাজীগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহকর্মীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে গৃহকর্তার ছেলে শাহেদের(২০) বিরুদ্ধে। বর্তমানে মেয়েটি ৮ মাসের অন্ত:স্বত্বা বলে মেয়েটির পারিবারিক সূত্রে জানা গেছে। ঘটনাটি ঘটে হাজীগঞ্জ পৌরসভাধীন রান্ধুনীমুড়া গ্রামের ১০নং ওয়ার্ডের মনিনাগ ইব্রাহিম বেপারী বাড়ীতে। এ ঘটনা প্রকাশের পর থেকেই শাহেদ পলাতক রয়েছে।
শাহেদে উপজেলার মনিনাগ ইব্রাহিম বেপারী বাড়ীর শাহাদাত হোসেন মনার ছেলে। নির্যাতিত মেয়েটি একই গ্রামের ছৈয়াল বাড়ীর জনৈক রিকশাচালক আনোয়ার হোসেনের মেয়ে (১৮)।
ঘটনার পর মেয়েটির বাবা-গ্রামের মাতব্বরদের কাছে সমাধানের জন্য গেলেও তা ধামা-চাপা দিতে উঠেপড়ে লেগেছে একটি মহল। সালিশি বৈঠকে নির্যাতিত যুবতীর পরিবারকে স্বল্প কিছু অর্থের প্রস্তাব করেন এলাকার প্রভাবশালী মহল। এতে ওই পরিবারটি রাজী না হওয়ায় তাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন শাহেদের পিতা শাহাদাত হোসেন মনা ও তার পরিবারের সদস্যরা। কোন সু-বিচার না পেয়ে ধর্ষিতার পরিবার গত ২১ জুন পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
জানতে চাইলে ধর্ষক শাহেদের পিতা মো. শাহাদাত হোসেন মনা বলেন, আমার ছেলে এ ধরনের অপরাধ করতে পারে না। মেয়েটি আমাদের বাসা থেকে বহু আগেই কাজ করা ছেড়ে দিয়েছে। সমাজে আমার সম্মান হানি করার জন্য একটি চক্র ইন্ধন দিয়ে আসছে। আমি এ ঘটনার জন্য ডিএনএ টেস্ট করার জন্য বলেছি।
এ ব্যাপারে চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, এ ব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/এমআর