রংপুরের তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৮জন আহত হয়েছে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১১টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হানিফ পরিবহনের সুপারভাইজার রুহুল আমিন (৩৮) ও হেলপার মোতালেব (৪০) এবং এশিয়া এন্টারপ্রাইজের যাত্রী নয়ন রায় (২২)।
স্থানীয় সূত্র জানান, রংপুর গামী একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থেকে চাকা মেরামত কালে ঠাকুরগাঁও থেকে ঢাকা গামী হানিফ পরিবহন নামের অপর একটি যাত্রীবাহী বাস পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে হানিফ পরিবহনের সুপারভাইজার রুহুল আমিন (৩৮) ও হেলপার মোতালেব (৪০) এবং ওপর বাসের যাত্রী নয়ন রায় (২২)নিহত হয়। এ ঘটনায় আহতদের তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহেল বাকী জানান, বাস দুটি থানা হেফাজতে রয়েছে। নিহতদের লাশ আবেদনের ভিত্তিতে পরিবারের সদস্যদের হাতে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ঈদের দুইদিন পরে এ সড়ক দুর্ঘটনা ঘটল। গত বছরও ঈদুল ফিতরের দুইদিন পর উপজেলার জিগাতলা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনসহ ছয়জন নিহত হয়েছিল।
ইত্তেফাক/এমআর