পাংশায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৩

 
রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনায় মিরাজুল ইসলাম বুরো (১২) নামে এক শিশু নিহত হয়েছে।এতে আরও তিনজন আহত হয়েছেন। মিরাজুল উপজেলার কলিমহর ইউপির বসাকুষ্টিয়া গ্রামের মো. জলিল শেখের ছেলে।
 
শুক্রবার সকালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মৈশালা চক্ষু হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, নিহত মিরাজুলের চাচাতো ভাই ছালাম (০৭), ফুপু আছিরন খাতুন (৫৫) ও ভ্যান চালক ছলিম (৪৫)।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে দৌলতদিয়াগামী একটি বাস শুক্রবার সকালে পাংশার মৈশালা চক্ষু হাসপাতাল নামক স্থানে আসতেই বিপরীত দিক থেকে আসা অটোভ্যানের সাথে সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।
 
পাংশা থানার এসআই নূরুল ইসলাম জানান, পুলিশ আহতদের উদ্ধার করে পাংশা হাসপাতালে নিয়ে যায়। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছেন।
 
ইত্তেফাক/জামান