কনফেডারেশনস কাপে জার্মান ফুটবল দলের সফলতা কামনা করেছেন দলে না থাকা বিশ্বকাপ জয়ী তারকারা। তারকা ফুটবলারদের বিশ্রামে রেখে গঠিত অনভিজ্ঞ জার্মান দলটিই বৃহস্পতিবার মেক্সিকোকে ৪-১ গোলে ধরাশায়ী করে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে। আগামী রোববার ফাইনালে চিলির মোকাবেলা করবে বিশ্ব চ্যাম্পিয়নরা।
এক বছর পরেই বিশ্বকাপের চূড়ান্ত আসরে অংশগ্রহণ করতে হবে জার্মানিকে। যে কারণে দলের তারকা ফুটবলারদের 'গুরুত্বহীন' এই টুর্নামেন্টের স্কোয়াডে অন্তর্ভুক্ত করেননি কোচ জোয়াকিম লো। পরিবর্তে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ শিরোপা জয়ী দলের পরবর্তী প্রজন্মকে বেশী সম্পৃক্ত করেছেন তিনি। দলটির গড় বয়স ২৪ বছর চার মাস। সব সদস্য মিলে সর্বমোট আন্তর্জাতিক ম্যাচ খেলেছে মাত্র ১৭৯টি। দলে রয়েছে আটটি নতুন মুখ। স্কোয়াডভুক্ত খেলোয়াড়দের মধ্যে মাত্র ৩ জনের রয়েছে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা।
মাত্র ৩৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন ২৩ বছর বয়সী অধিনায়ক জুলিয়ান ড্রাক্সলারের নেতৃত্ব দলটি দেখে ভ্রু কুঁচকেছিল অনেকেই। এই জুয়ায় এখনো পর্যন্ত ভালোভাবেই টিকে আছেন জার্মান কোচ। ওই দলটিই মেক্সিকোকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। দলের হয়ে দুই গোল করেছেন মাত্র ৮টি আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণের অভিজ্ঞতা সম্পন্ন ২২ বছর বয়সী উদীয়মান তারকা লিও গোরেৎকা।
ম্যাচ সেরার পুরস্কার পাওয়া এই ফুটবল তারকা বলেন, 'এখন শিরোপা জয়ের মাধ্যমে আমরা আমাদের ওপর রাখা আস্থার প্রতিদান দিতে চাই। '
এদিকে দেশে বসেই সোচিতে মেক্সিকোর বিপক্ষে তরুণ তুর্কীদের অসাধারণ নৈপুণ্য প্রত্যক্ষ করেছেন জার্মান তারকারা। প্রত্যাশা করছেন রবিবারের ফাইনালেও তারা এ ধারা অব্যাহত রাখবে। বিশ্বকাপ জয়ী তারকা থমাস মুলার টুইটারের মাধ্যমে দেয়া প্রতিক্রিয়ায় বলেন, 'ভাল খেলেছ। আমি তাদের নিয়ে গর্বিত। '
ম্যাচে জার্মানির হয়ে তৃতীয় গোলটি করেছেন ২১ বছর বয়সী ওয়ার্নার। যিনি গ্রুপ পর্বে ক্যামেরুনের বিপক্ষেও আদায় করেছে দুই গোল। ম্যাচে ৩-১ গোলে জয়লাভ করেছিল জার্মানি।
একই রকম প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশ্বকাপ জয়ী দলের সেন্টার ব্যাক জেরোমে বোয়াটেং ও ম্যাটস হামেলসও। বোয়াটেং তার টুইট বার্তায় লিখেছেন, 'কনফেডারেশনস কাপের ফাইনাল! ছেলেরা তোমাদের নিয়ে আমরা গর্বিত। ' আর হাউমেলস জার্মানির একটি পতাকা হাতে নেয়া ছবি পোস্ট করেছেন। '
দলের নেতৃত্ব দেয়া আর্সেনাল সতীর্থ ড্রাক্সলারের প্রশংসা করেছেন লোর আক্রমণ বিভাগের প্রথম পছন্দের তারকা মেসুত ওজিল। তিনি গোটা দলটিকেই অভিনন্দন জানিয়ে লিখেছেন, 'হ্যাঁ ফাইনাল। তোমাদের নিয়ে আমরা সত্যি আনন্দিত। তোমাদের আজকের এই জয়টি উপভোগ করছি। ' বাসস।
ইত্তেফাক/রেজা