ভোলায় বাবার হাতে সেনাসদস্য ছেলে খুন

 
ভোলায় বাবার হাতে খালেদ বিন ওয়ালিদ (২২) নামে এক সেনা সদস্য ছেলে খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর রাতে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কানাইনগর গ্রামে। এসময় ছেলেকে বাঁচাতে গিয়ে নিহতের মা ও বোন আহত হয়েছেন। বাবা ভোলা পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মচারী নুর মোহাম্মদকে পুলিশ গ্রেফতার করেছে।
 
নিহতের মা-বোন ও পুলিশ জানিয়েছে, যশোর সেনা ক্যান্টনমেন্টের সৈনিক পদে কর্মরত খালেদ ঈদের ছুটিতে বাড়িতে আসেন। দুইদিন আগে বাবা তার মাকে মারধর করে। এ নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথা কাটা-কাটি হয়। এক পর্যায়ে বাবা শুক্রবার ভোর রাতে ছেলেকে ঘুমন্ত অবস্থায় দাঁ দিয়ে কুপিয়ে হত্যা করে। এসময় তাকে বাঁচাতে গিয়ে মা ও বোন আহত হন। ভোলা মডেল থানার ওসি মীর খায়রুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের বাবা ভোলা পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মচারী নুর মোহাম্মদকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
 
ইত্তেফাক/জামান