খুলনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সরদার নিহত

 
খুলনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রবিউল (৩৫) ওরফে বাদশা নামে এক ডাকাত সরদার নিহত হয়েছেন। শনিবার ভোরে ডুমুরিয়া উপজেলার চুকনগর মাদ্রাসা রোডে এ ঘটনা ঘটে। এ সময় ডুমুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাসসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। 
 
পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল, ককটেল, চাপাতিসহ দেশি অস্ত্র উদ্ধার করেছে। নিহত রবিউল উপজেলার মালতিয়া গ্রামের জাফর শেখের ছেলে। 
 
ডুমুরিয়া থানার উপ-পরিদর্শক মামুন বলেন, গত শুক্রবার ডাকাত রবিউলকে গ্রেফতার করা হয়। রবিউলের স্বীকারোক্তি অনুযায়ী শনিবার ভোরে পুলিশ তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার লোকজন গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও এ সময় তাদের লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে। দু’পক্ষের গুলি বিনিময়কালে ডাকাত রবিউল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার সহযোগীরা পালিয়ে যান।  বন্দুকযুদ্ধ চলাকালে ওসিসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেন এসআই মামুন।
 
তিনি জানান, রবিউলের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় ডাকাতিসহ পাঁচটি মামলা রয়েছে। 
 
ইত্তেফাক/কেকে