কয়েক দিনের ভারি বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে তিস্তা, ধরলা নদীর চরাঞ্চল ও নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে।
হঠাৎ পানি বেড়ে যাওয়ায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারেজ এলাকা এবং আদিতমারী উপজেলার মহিষখোচাঁর তিস্তা পাড়ের কিছু মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। শুক্রবার ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বাড়তে থাকলেও আজ শনিবার সকাল থেকে পানির মাত্রা বেড়ে বিপদসীমার ১০ সেন্টিমিটারে ওঠে।
এ অবস্থায় পাউবো কর্তৃপক্ষ ডালিয়া ব্যারাজের সবকটি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণ করছে। তবে, উজান থেকে নেমে আসা পানির প্রবাহ বাড়তে থাকলে লালমনিরহাটের শতাধিক গ্রামে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে বলে আশংকা করছে এ এলাকার সাধারণ মানুষ।
ইত্তেফাক/কেকে