শোক মিছিল, কবর জিয়ারত ও স্মৃতিচারণের মধ্য দিয়ে পালিত হলো হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল করিমের প্রথম মৃত্যু বার্ষিকী। শনিবার রবিউলের গ্রামের বাড়ি কাটিগ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করে তারই প্রতিষ্ঠিত বিশেষায়িত স্কুল ব্লুমসের সদস্য ও এলাকাবাসী।
সকাল সাড়ে দশটায় কটিগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোক মিছিল বের হয়ে তা কবরস্থানে গিয়ে শেষ হয়। শোক র্যালিতে অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রবিউলের কবরে ফুলেল শ্রদ্ধা ও কবর জিয়ারত শেষে বেলা ১২টায় স্মৃতিচারণ অনুষ্ঠিত হয় ব্লুমস প্রাঙ্গণে। ব্লমসের সভাপতি জে আর শওকতের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুজ্জামান, রবিউলের মা করিমুননেসা, স্ত্রী উম্মে সালমা, ভাই শামসুজ্জামান শামস, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব হোসেন সেলিম, আটিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম সরকার সহ ব্লুমসের শিক্ষার্থীদের অভিভাবক ও গ্রামবাসী।
ইত্তেফাক/জামান