যশোরের মণিরামপুরে বোমা ফাটিয়ে বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রতন পালের ব্যাগভর্তি টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন নিহতের ভাই পরিমল পাল (৪৫)। পরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রাতেই তার মৃত্যু হয়।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে মণিরামপুর শহরের দোলখোলা মোড়ে ওই ব্যবসায়ীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
মণিরামপুর থানার ওসি ও ব্যবসায়ী নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ব্যাগে ঠিক কত টাকা ছিল তা জানা যায়নি।
পুলিশ জানান, প্রতিদিনের মতো শনিবার রাত ১০টার দিকে শহরের কুলটিয়া মোড়ের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নিজেদের মাইক্রোবাসে করে ব্যাগ ভর্তি টাকা নিয়ে বাসায় ফেরেন মেসার্স পাল ব্রাদার্সের স্বত্বাধিকারী তিন ভাই রতন পাল, কার্তিক পাল ও পরিমল পাল। মাইক্রোবাসটি দোলখোলা মোড়ে নিজেদের বাসার সামনে পৌঁছালে গাড়ি থেকে নামেন তিন ভাই। এ সময় বিপরীত দিক থেকে দুই যুবক দৌড়ে এসে পরিমলের হাতে থাকা টাকার ব্যাগটি নিয়ে টানাটানি শুরু করে। ঘটনাটি দেখতে পেয়ে সেখানে দায়িত্বরত নৈশপ্রহরী আবুল হোসেন দৌড়ে গিয়ে পরিমলকে ছাড়িয়ে নিতে ধস্তাধস্তি শুরু করেন। এ সময় লুটেরাদের একজন ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপ দিতে যায়। নৈশপ্রহরী নিজেকে বাঁচাতে সরে পড়লে কোপটি লাগে পরিমলের বুকে। দুর্বৃত্তরা এরপর পরিমলের পিঠে আরেক কোপ বসিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা বোমার বিস্ফোরণ ঘটায়। বোমার শব্দ ও ধোঁয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সন্ত্রাসীরা পালিয়ে গেলে সঙ্গে থাকা দুই ভাই পরিমলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। রাত ২টার দিকে মারা যান পরিমল পাল।
ইত্তেফাক/এমআর