রংপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

রংপুরের মিঠাপুকুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইদ্রিস আলী (৩২) নামে এক ডাকাত নিহত হয়েছেন। রবিবার গভীর রাতে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের জয়রামপুর আনোয়ার গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ১টি পিস্তল, দুই রাউন্ড গুলিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। নিহত ইদ্রিস উপজেলার মমিনপুর আবাসন এলাকার সাখাওয়াত হোসেনের পুত্র।
 
জানা যায়, রবিবার সন্ধ্যায় ছিনতাইয়ের পরিকল্পনার সময় গোপন সংবাদের ভিত্তিতে বলদীপুকুর অভিরাম নুরপুর এলাকা থেকে ইদ্রিসকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধারে গেলে রাত পৌণে ৩টার দিকে জয়রামপুর আনোয়ার গ্রামে আগে থেকে ওঁৎ পেতে থাকা ইদ্রিসের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় আত্মরক্ষার্থে পুলিশও ১৩ রাউন্ড গুলি ছোড়ে। একপর্যায়ে ইদ্রিসের সহযোগীদের ছোড়া গুলিতেই ইদ্রিস মারা যায়। এসময় সেখান থেকে ১টি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি দা, দুইটা বেকি ও ২টা ছোরাসহ একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
 
মিঠাপুকর থানা ওসি মোজাম্মেল হক জানান, নিহত ইদ্রিস এলাকার চিহ্নিত ডাকাত ও ছিনতাইকারী। তার বিরুদ্ধে গাইবান্ধায় পুলিশের অস্ত্র ছিনতাইসহ বিভিন্ন থানায় ডাকাতি ও ছিনতাইয়ের ৯টি মামলা আছে। ময়নাতদন্তের জন্য ইদ্রিসের লাশ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এমআই