নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নাটোরে বাস ও মাটি কাটার যন্ত্র এক্সকেভেটর বহনকারী যান নোভেকের সঙ্গে সংঘর্ষে নোভেক চালক নিহত এবং বাসের ৪ যাত্রী আহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে গুরুদাসপুর উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃত নোভেক চালক তারিকুল ইসলাম (৩৫) ঠাকুরগাঁ সদরের বৈকন্ঠপুর এলাকার মৃত মতিউর রহমানের ছেলে।
 
বনপাড়া হাইওয়ে থানার ইনচার্জ জিএম শামসুন নুর ও নাটোর ফায়ার সার্ভিসের সদস্য হারুনুর রশীদ জানান, ঢাকা থেকে পাবনাগামী যাত্রীবাহী বাস ঈশ্বরদী এক্সপ্রেস গুরুদাসপুরের নয়াবাজার এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা মাটি কাটার যন্ত্র এক্সকেভেটর বহনকারী যান নোভেক সঙ্গে সংঘর্ষ হয়। এতে নোভেক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই চালক প্রাণ হারায় এবং বাসের অন্তত ৪ যাত্রী আহত হন।
 
খবর পেয়ে নাটোর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
 
ইত্তেফাক/এমআর