বাঘাইছড়িতে অস্ত্রসহ ২ ইউপিডিএফ নেতা আটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মধ্যম বঙ্গলতলী গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ, সাময়িক পোশাকসহ দুই ইউপিডিএফ নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। 
 
আটককৃতরা হলেন বঙ্গলতলী ও রূপকারী এলাকার ইউপিডিএফের পরিচালক অটল চাকমা ও তার সহযোগী শুদ্ধজয় চাকমা। 
 
গোপন সূত্রে খবর পেয়ে বাঘাইহাট সেনাজোন ও পুলিশের একটি দল মধ্যম বঙ্গলতলী গ্রামে রবিবার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান পরিচালনা করে। এ সময় অটল চাকমা ও শুদ্ধজয় চাকমাকে অস্ত্রসহ আটক করা হয়। উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে দুটি এলজি, একটি বন্দুক, ১০ রাউন্ড কার্তুজ, একটি খুর, চারটি মোবাইল সেট, একটি রেডিও, ইউপিডিএফের চাঁদা আদায়ের রশিদ বই ও গুরুত্বপূর্ণ নথিপত্র।
 
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিন হোসেন জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি